
নরসিংদীতে হত্যার হুমকি পেয়েছেন মোবারক হোসেন নামে এক যুবদল নেতা। সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের ওই নেতার বাড়ির প্রধান ফটকের সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। সেইসঙ্গে রেখে যাওয়া হয়েছে এক চিঠি, যাতে লেখা— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে এসব জিনিস পাওয়া যায়। তিনি বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মোবারক হোসেন। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে আলামতগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত তিনি বাড়িতে যান। পরে দলের স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পায়।
মোবারক হোসেনের দাবি, চিরকুটে আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি অভিযোগ দিয়েছেন। মোবারক হোসেন বলেন, ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই। ঘটনার পর স্থানীয় লোকজন ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা যায় মোবারক হোসেনের বাড়িতে।
আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএইচএম



