
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় কিলন বা চিমনির পাশের একটি দেওয়াল হঠাৎ ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও দুই শ্রমিক।
আহত ব্যক্তিরা হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ময়নাতদন্তের পর নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুই শ্রমিকের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
আরটিভি/এমএম




