
নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের মনগড়া অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। আনীত সব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা সৈয়দ ইউনুছ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে লংগদু প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের কয়েকজন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে সৈয়দ ইউনুছ জানান, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনকারীরা আগে থেকেই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। গুলশাখালী ইউনিয়নের সাবেক বহিষ্কৃত আহ্বায়ক নুর আলম, লংগদু ইউনিয়নের বহিষ্কৃত সদস্য সচিব ফয়েজ, ভাসান্যদম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাবেদ এবং মাইনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিনসহ উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় দল থেকে কোণঠাসা হয়ে পড়েছেন।
সংঘাতের পটভূমি ব্যাখ্যা করে তিনি জানান, শুক্রবার (৯ অক্টোবর) গুলশাখালী ইউনিয়নের সাবেক বহিষ্কৃত আহ্বায়ক নুর আলম একটি অবৈধ ও গঠনতন্ত্রবিরোধী কমিটি গঠন করে অনুমোদনের জন্য তার কাছে নিয়ে আসেন। তবে জেলা ও উপজেলা যুবদলের নির্দেশনা এবং কেন্দ্রের কঠোর নিষেধাজ্ঞা থাকায় তিনি ওই কমিটির অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নুর আলম তার ওপর হামলার চেষ্টা চালান। পরে প্রেস ক্লাবে গিয়ে তার বিরুদ্ধে মনগড়া তথ্য পরিবেশন করা হয়।
সৈয়দ ইউনুছ আরও অভিযোগ করেন, জেলা ও উপজেলা যুবদলের স্বচ্ছ ভাবমূর্তির কারণে অভিযুক্তরা অবৈধ পথে হাঁটার সুযোগ পাচ্ছেন না। মাদক সেবন, মাদক পাচার ও একাধিক অনিয়মের দায়ে তাদের আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। মনগড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মানহানি করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় শিগগিরই আইনি পদক্ষেপ নেবেন।
লংগদু ইউনিয়নের সদস্য সচিব ফয়েজের বিষয়ে ইউনুছ বলেন, সরকারের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিজের ছেলের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ফয়েজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান। এর পরিপ্রেক্ষিতে জেলা ও উপজেলা বিএনপি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ব্যক্তিগত ক্ষোভ থেকে এখন যুবদলের নেতৃত্বকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত গুলশাখালী ইউনিয়ন যুবদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হিরামন বলেন, উপজেলা সদস্য সচিব সৈয়দ ইউনুছের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের যে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। নুর আলম নিজেই মাদকাসক্ত এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। তারা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
আরটিভি/এমএইচজে



