
নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে লংগদু প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার সব ইউনিয়নের যুবদল নেতারা যৌথভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তব্যে যুবদলের ইউনিয়ন নেতারা বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে আসছেন। তিনি দলের নেতাকর্মীদের সাথে অশালীন আচরণ, হুমকি প্রদান, প্রকাশ্যে দলের নীতি-আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদান এবং নানা ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িয়ে পড়েছেন।
তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাগিদ দেওয়া হলেও তিনি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং কমিটি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করেন। তার বিরুদ্ধে এ ধরনের অসংখ্য আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে।
এছাড়া লংগদু সদর যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদকে মিথ্যা সাক্ষী দিয়ে প্রশাসনিকভাবে চরম হয়রানি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সৈয়দ ইউনুছের দখল বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর আলম, লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদসহ সব ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এবং ৬৩টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে




