
খুলনার রূপসা উপজেলায় সংঘটিত ফখরুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুর রহমানকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রাম।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে।
এসআরবি-৬ খুলনার মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামক নিজস্ব প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম (৩২)। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবির যৌথ দল চাঞ্চল্যকর এ হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম



