
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। সকাল ১০টার দিকে নৌকাটি নদীর মাঝপথে পৌঁছলে ওই গর্ভবতী নারীর প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন। প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
ওই নারীর স্বামীর নাম মনোয়ার হোসেন। তিনি জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ আমার স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেরেছি। সবার কাছে দোয়া চাই।
নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) যমুনার মাঝনদীতে এক মা জন্ম দেন ফুটফুটে কন্যাসন্তান।
আরটিভি/ এসকেডি




