
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশের সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— ভাঙারি ব্যবসায়ীর চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল। ভুক্তভোগী ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মণ্ডলের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলার একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পিকআপযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথিমধ্যে তেরোমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পিকআপটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা তাদের ওপর চড়াও হয়। পরে তাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। প্রথমে তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম জানান, বগুড়ায় দোকান ও ভাঙারি সামগ্রী বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে তার ম্যানেজার ও চালক মহাদেবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি নষ্ট হওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাদের মারধর করে সমস্ত টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এসএস



