
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। পরে একই কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।
মারা যাওয়া ছেলে সাইফুল সরকারের বয়স ছিল ৫৯ বছর। তিনি ও তার মা তারা বানু বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের স্ত্রী ও ছেলে।
ধুবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাইফুল সরকার মারা যান। দুপুর ১টার দিকে তার লাশ বাড়ি থেকে বের করে কবরস্থানে নেওয়া হচ্ছিল। এ সময় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মা তারা বানুর মৃত্যু হয়।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।
আরটিভি/এমএম




