
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে যোগ দেয় বিজিবি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে আরও ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।
এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে


