
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মণ্ডল দা দিয়ে তার মা কমলা রানী মণ্ডল, কাকী সুধা রানী মণ্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডলকে আঘাত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত সমীর কুমার মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী মণ্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করা হয়েছে।
আরটিভি/এমএম




