
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’—এমন নানা স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়নকর্মী ও নারীনেত্রী খোদেজা সুলতানা লোপা। স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও রিনা সিকদার।
আলোচনায় বক্তারা বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ এবং সামাজিক বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নির্যাতিত নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ১৫ জন নারীকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা বলেন, এ ধরনের স্বীকৃতি নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য নারীদেরও সাহসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নারী-পুরুষ, ছেলে-মেয়ে সবাই আমাদের সন্তান। সবাইকে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। বাবা-মায়ের ভুল এবং সমাজের নানা ধরনের অবক্ষয়ের কারণে অনেক ছেলে-মেয়ে ভুল পথে পা বাড়িয়ে বিপদগ্রস্ত হয়। বিপথগামী কাউকে মারধর না করে তাকে সংশোধনের জন্য সময় দিতে হবে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কুফল সম্পর্কে অডিও-ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নাসরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা পাসারের নির্বাহী পরিচালক ফরিদ খান ও গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীন। এ ছাড়া অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীসহ বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএম


