
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা। কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে এসে আবেগঘন বিদায় জানান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এ আয়োজন করা হয়।
সকাল ১০টায় শিক্ষার্থীরা ফজলুর রহমানকে তার বাসভবন থেকে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে লাল গালিচা বিছিয়ে তাকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। আবেগঘন এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ছিল বিষণ্নতা ও ভালোবাসার প্রকাশ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৬ নভেম্বর প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে ফজলুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার মতো উদ্যোগ তাকে শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে প্রিয় করে তোলে।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহ দিয়েছেন তিনি। তার দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর সাড়ে ১২টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাফী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাসুমা জাহানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয়ে ফেরা ফজলুর রহমানের জন্য ছিল ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। তবে এই আয়োজনের আবেগের গভীরে ছিল শিক্ষার্থীদের প্রতি তার দীর্ঘদিনের মমতা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি। চাকরির মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এই শিক্ষকের স্মৃতি ও অবদান বিদ্যালয়-সংশ্লিষ্টদের মনে থেকে যাবে।
আরটিভি/এসকে


