
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম, কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইয়াবাসহ আটক মো. আনিছ (১৮) ময়মনসিংহের গফরগাঁও থানার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে এবং শিমলা (২২) গাজীপুর জেলার সদর মেট্টো থানার চা বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে। জয়দেবপুর রেলওয়ে প্ল্যাটফর্মে বিক্রির সময় ৫৮ পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। তবে আসামিদের ছিনিয়ে নিতে পারেনি।
পরে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায় অস্ত্রধারীরা। খবর পেয়ে রেলওয়ে ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় পৃথক মামলা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আরটিভি/এমএম


