
শ্রীপুর পৌরসভার উজিলাব (সূতাপাড়া) এলাকার বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টার দিকে পুকুরপাড়ে বাঁশের তৈরি মাচার ওপর যুবকর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
নিহত সবুজ মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
নিহতের স্ত্রী সাবিনা আক্তার জানান, তার স্বামী মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার মরদেহের পাশে একজোড়া জুতা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয়রা দাবি করেন সবুজ মিয়া মাদকাসক্ত নেশায় আসক্ত ছিলেন। যুবকের মৃত্যু হত্যা নাকি অন্য কোনো কারণে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, সুরতহালে নিহত যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে থেকে যুবকের মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরটিভি/এমএম


