
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িত সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল। অপূর্ব দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সাংবাদিক আলিফ হত্যার ঘটনা বিশেষ গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। হত্যার জড়িত সবাইকে দ্রুতই গ্রেপ্তার করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলায় তেলুঞ্জিয়া এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাত ৮ জনকে আসামি করে মামলা করেন।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি।
তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়ি থাকতেন। তার চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
আরটিভি/এসএস



