
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন বিভক্ত করে নতুন পশ্চিম ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বুধুন্ডা-বাতাপুকুরিয়া সড়কে সর্বস্তরের জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এলাকার মানুষ অবহেলিত রয়েছেন। বৃহত্তর বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠন করা প্রক্রিয়াধীন। তবে স্থানীয় জনগণের উন্নয়ন ও নাগরিক সেবা প্রাপ্তির সুযোগ বাড়বে বলে তারা আশা
করছেন।
এলাকাবাসীর দাবি, নতুন পশ্চিম ইউনিয়নের নামকরণ করতে হবে ‘বুধুন্ডা ইউনিয়ন’। তাদের মতে, বুধুন্ডা এলাকার নামেই নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হলে স্থানীয় ঐতিহ্য, পরিচয় ও জনমানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় মনির হোসেন, শহীদ ভূঁইয়া, ওয়াদুদ মেম্বার, আলমগীর হোসেন, জাকির হোসেন, ইউসুফ বকাউল, চন্দু মুন্সী, জহির মোল্লা, আনোয়ার মোল্লা, কামাল প্রধান, রিহান প্রধান কুদ্দুস, আরিফ হোসেন, নেছার আহমেদ, সোহেল মুন্সী, রবিউল, বাসার প্রধান, রমিজ উদ্দিন পাটোয়ারী, জাকির হোসেন, সৈয়দ শাহিন ও আবু তাহের বাবু প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বুধুন্ডা ইউনিয়ন প্রতিষ্ঠা এবং নতুন ইউনিয়নের নাম ‘বুধুন্ডা ইউনিয়ন’ নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আরটিভি/এমএইচজে


