ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : ছবি আরটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় সুষ্ঠ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা ‘নজরুলের আঙ্গিনায়, সন্ত্রাসের ঠাই নাই’, ‘গ্যাং কালচার বন্ধ হোক’, ‘সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠাই নাই’, ‘আমার ভাইয়ের রক্তের, হিসাব চাই হিসাব চাই’ সহ নানা ধরণের স্লোগান দেয়।

এর আগে গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছিল নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। পাশেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ফুটবল খেলছিলেন। এ সময় খেলার মাঠের বাউন্ডারির ভেতরে বারবার ফুটবল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও বাউন্ডারির কাছে ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে খেলা শেষ হওয়ার পর বিরোধ মীমাংসায় দুই পক্ষ একসঙ্গে হলে আবারও বাকবিতণ্ডা থেকে হাতাহাতির শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের শিক্ষার্থীরা অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৬ জন শিক্ষার্থী আহত হন। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনা ঘটার পরদিনই একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তারা কাজ করছে। তদন্ত কমিটি যেন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে সেজন্য আমরা বাকৃবির একজন শিক্ষককে এখানে রেখেছি। সেইসঙ্গে উক্ত ঘটনার সঙ্গে যেসকল বিভাগ জড়িত তাদেরকে এই কমিটি হতে দূরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এমন ঘটনা এই ক্যাম্পাসে কখনোই কাম্য নয়। এইটুকু নিশ্চিত থাকো তোমরা যে, এমন অবর্ণনীয় ঘটনার জন্য যারা দোষী, তারা সর্বোচ্চ শাস্তি পাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বুধবার (১৮ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে এ পরিকল্পনার কথা জানান উপাচার্য। উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, ফলতে চাওয়া। ঠিক একইভাবে ওবিই কারিকুলামের উদ্দেশ্যও শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগেই এটি চালু করা হবে। তিনি বলেন, চারুকলা একটি বিশেষায়িত বিভাগ এবং এ বিভাগের শিক্ষকেরাও নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাঁদের সেই দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করতে সক্ষম হবেন বলে আমি আশা করছি। তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রথম পর্বে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
জ্বালানি ও গ্যাসসংকটের প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও ডাইনিংয়েও তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার। এতে খাবার প্রস্তুত ও পরিবেশনে বিলম্বের পাশাপাশি খাবারের মান নিয়েও ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। হলগুলোতে সরকারি গ্যাস সংযোগের একই লাইন থেকে ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তবে ডাইনিংয়ে রান্নার কাজ শেষ হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয় বলে অভিযোগ করেছেন শহীদ আজিজ হলের ক্যান্টিন পরিচালক। তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সকাল থেকে দুপুরের খাবার প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। এ কারণে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার কিনে রান্না করতে হচ্ছে তাঁকে। এতে খাবারের পদের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবেশনেও ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে শহীদ আজিজ হলের বাবুর্চি মোহাম্মদ রোমান বলেন, ভোরবেলায় গ্যাসের চাপ খুব কম থাকায় রান্না করতে বেশি সময় লাগছে। এ ছাড়া খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়ায় মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। একটি গ্যাস লাইন দিয়ে প্রায় দেড় শ শিক্ষার্থীর খাবার রান্না করার পর ডাইনিংয়ে গ্যাসের সংযোগ স্থানান্তর করা হয়। একই পরিস্থিতির মুখে পড়েছে জি. এম. এ. জি. ওসমানী হলের ডাইনিং ও ক্যান্টিন। হল কর্তৃপক্ষ জানায়, ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের গ্যাস সংযোগ একই লাইনে হওয়ায় ওসমানী হলে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। ফলে প্রায়ই রান্নার কাজে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ওসমানী হলের ক্যান্টিন পরিচালক বলেন, দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অতিরিক্ত সিলিন্ডার কিনতে হচ্ছে। পাশাপাশি ৬০০ টাকা মণ দরে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় মাত্র পাঁচ দিনেই প্রায় আট হাজার টাকা লোকসান হয়েছে। দ্রুত গ্যাসসংকটের স্থায়ী সমাধান অথবা ক্যান্টিনের ভাড়া কমানোর বিষয়ে হল প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই। অন্যদিকে, সৈয়দ নজরুল ইসলাম হলে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হলটির ম্যানেজার মাহবুব মিয়া। তিনি বলেন, দীর্ঘ এক মাস ধরে হলে গ্যাসের সমস্যা ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংকটের সময় গ্যাসের সমস্যা মোকাবিলায় একটি মেশিন কেনা হয়েছিল। তবে গ্যাসসংকটের কারণে লোকসানের মুখে পড়েছেন এই হলের ক্যান্টিন পরিচালক জিকুরুল ইসলাম জিকু। তিনি বলেন, গত এক মাসে মোট পাঁচটি এবং চলতি মাসে আরও দুটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যান্টিন পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে হল ম্যানেজারের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান তমাল বলেন, ‘ক্যান্টিন পরিচালক গ্যাসসংকট ও লোকসানের বিষয়ে আমাকে সরাসরি কোনো অভিযোগ জানাননি। হলের গ্যাসসংকট নিরসন ও শিক্ষার্থীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে ডাইনিংয়ের সমস্যাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।’ শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী সুজয় রায় জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে খাবার রান্না ও পরিবেশনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এতে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদের। ফলে ক্লাসসহ দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে গ্যাসসংকটের কারণে আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক বেড়েছে। শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, গ্যাসসংকট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়লে আশা করি, খাবারের মানও উন্নত হবে। ক্যান্টিনে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। গ্যাসসংকটের পাশাপাশি এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্যান্টিন পরিচালনার ব্যয়ও বেড়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে খাবারের দাম অপরিবর্তিত রয়েছে। আরটিভি/টিআর
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। আটক কর্মকর্তারা জানান, আমাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়ার সময় কারও চশমা ভেঙে ফেলা হয়, আবার কারও শার্ট ছিঁড়ে ফেলা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, এসব কর্মকর্তার সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। তিনি আরও বলেন, সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আপনারা জানেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/টিআর
ববিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থল ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রোববার (২২ নভেম্বর) জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত সমিতির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তের পর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কতিপয় মহল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মস্থলের পরিবেশ অনিরাপদ করে তোলা হচ্ছে এবং দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে। প্রশাসন ভবন-১-এর প্রবেশপথে বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্চ শব্দে মাইক বাজিয়ে দাপ্তরিক কাজে বাধা দেওয়া এবং ক্রিকেট খেলার নামে ভারী বল এলোপাতাড়ি ছুড়ে কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে একাডেমিক ও প্রশাসনিক কাজে আসা ব্যক্তিরা প্রশাসন ভবন-১-এ প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অফিসার সমিতি। বিবৃতিতে ২০২৫ সালের ২ জানুয়ারির একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা প্রশাসন ভবন-১-এ আটকে রাখা হয়েছিল। এ সময় পানীয় জল, খাবার ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অসুস্থ কর্মকর্তা-কর্মচারীদের ওষুধ সরবরাহ এবং কোলের শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। অফিসার সমিতির দাবি, বর্তমানে প্রশাসন ভবন-১-এর ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যেই ওই ঘটনার সময় কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের জন্য নিরাপদ কর্মস্থল ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে ২২ নভেম্বর জরুরি সেবা ছাড়া সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলে জানায় সমিতি। আরটিভি/টিআর
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
আরও পড়ুন
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল
তেলাপোকা, টিকটিকি– কী নেই নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে!
নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন