
গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে রাসেল আহমেদ নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিয়াকৈর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার ফরহাদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির নাকে দুর্গন্ধ আসে। পরে সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে নিয়ে ঘরের ছিদ্র দিয়ে ভেতরে তাকান। এ সময় তারা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঝুলন্ত অবস্থায় রাসেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাসেল আহমেদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।
আরটিভি/টিআর




