
যশোরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার ঘরে থাকা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আছিয়া বেগম (৭৫) ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। আজ সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তারা ঘরে গিয়ে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মাকে খুন করে কে বা কারা সব নিয়ে গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম


