ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী চারদিকে কৃষিজমিতে ভরপুর। এখানে আখ চাষ হয়, সবজি চাষ হয়। রাজশাহীতে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং রাজশাহীর অর্থনীতিতে গতি ফিরবে।

রিজভী বলেন, তারেক রহমান দেশে কৃষক কার্ড চালু করেছেন, ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। একজন দরিদ্র মানুষ দুই হাজার ৫০০ টাকা করে পেতে পারেন, যা তাদের আয়ের ন্যূনতম সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েই তারেক রহমান কাজ করছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সেই পরিকল্পনার অংশ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পিয়ারুল হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় পিয়ারুল সরদার (৩২) হত্যা মামলায় মো. শামীম আহসান (৩৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহ্লাদীপুরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর পিয়ারুল হত্যা মামলায় গ্রেপ্তার ২
সন্তানদের জন্য চকলেট আনার কথা ছিল জুয়েলের
এক বছরও পার হয়নি বাবা মারা গেছেন। সেই পিতৃহারা শোক কাটতে না কাটতেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকেও হারালো তারা। রাতে যে ভাইয়ের সঙ্গে স্বাভাবিক ফোনালাপ হলো, সকালেই এলো তার মৃত্যুর খবর। নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের জাজিরার ব্যবসায়ী জুয়েল মাদবর। তার এই আকস্মিক প্রয়াণে পুরো পরিবারটি এখন চরম দিশেহারা ও অনিশ্চয়তার মুখে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতেও বড় ভাই শাহজাহান মাদবরের সঙ্গে কথা হয়েছিল জুয়েলের। ব্যবসার কাজে কোথায় যাবেন, কীভাবে যাবেন—সবই জানিয়েছিলেন তিনি। বড় ভাই জানতে চেয়েছিলেন নাটোর যাবেন কী উপায়ে। জবাবে জুয়েল বলেছিলেন, সবাই একসঙ্গে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন। কিন্তু সেই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টার মাথায় আসে নির্মম দুঃসংবাদ—নাটোরে সড়ক দুর্ঘটনায় জুয়েল আর নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জুয়েল মাদবরসহ জাজিরার পাঁচ ব্যবসায়ী নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও অনেকে। নিহত জুয়েল মাদবরের বড় ভাই শাহজাহান মাদবর চোখের জল মুছতে মুছতে বলেন, গত রাতে জুয়েল ফোন করে বলল ভুট্টা কিনতে নাটোর যাবে। কীভাবে যাবি জানতে চাইলে বলল, সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবে। সকালে ফোন পেয়ে শুনি ভাই আর নাটোরে মারা গেছে! রাতে যে ভাইয়ের সঙ্গে কথা হলো, সকালে শুনলাম সে আর নেই—এই বাস্তবতা কীভাবে মেনে নেব? জীবিকার তাগিদে নাটোরের তাহেরপুর থেকে ভুট্টা কিনে ফেরাই ছিল জুয়েলের উদ্দেশ্য। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। বাড়িতে জীবিত ফেরার বদলে পৌঁছাল তার মৃত্যুর সংবাদ। বাড়ি থেকে বের হওয়ার আগে আদর করে গেছেন চার বছরের মেয়ে রিদিতা ও দুই বছরের ছেলে সাইফানকে। কথা দিয়েছিলেন, ফেরার পথে তাদের জন্য চকলেট নিয়ে আসবেন। ছোট্ট দুই শিশুর কাছে বাবার সেই প্রতিশ্রুতিই ছিল আনন্দের অপেক্ষা। তারা এখনো অবুঝ। বাবার ফেরা না-ফেরার সমীকরণ বোঝার বয়স তাদের হয়নি। মা ও স্বজনদের কাছে অবুঝ শিশুরা বারবার প্রশ্ন করছে, ‘বাবা কই, মা কখন আসবে?’ পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে জুয়েলের বাবা মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম জুয়েলকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পুরো পরিবারটি। গত দুই দশক ধরে জাজিরার কাজিরহাট এলাকায় ভুসামাল ও রড-সিমেন্টের ব্যবসা করে আসছিলেন জুয়েল। তার ওপরই নির্ভরশীল ছিল পুরো সংসারের চাকা ও দুই শিশুর ভবিষ্যৎ। এই মর্মান্তিক দুর্ঘটনায় জুয়েল মাদবর ছাড়াও জাজিরা উপজেলার আরও চার ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন—ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার সালাল মোল্যা (জাহান উদ্দিন মোল্যার ছেলে), ডুবিসায়বর কাজিরহাট এলাকার সোহাগ শিকদার (ইউনুস শিকদারের ছেলে), কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী (রাজ্জাক বেপারীর ছেলে)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই দীর্ঘদিন ধরে কাজিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা করছিলেন। রাজশাহী ও নাটোরের বিভিন্ন অঞ্চল থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন ও ধনিয়াসহ কৃষিপণ্য কেনার পরিকল্পনা নিয়ে তারা একসঙ্গে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, যাত্রাবিরতির পর বাসটির গতি অনিয়ন্ত্রিত ছিল। চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় যাত্রীরা তাকে সতর্ক করে গতি কমানোর অনুরোধ জানালেও তা রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একসঙ্গে পাঁচজন স্থানীয় উদ্যমী ব্যবসায়ীকে হারিয়ে জাজিরা জুড়ে এখন শোকের মাতম। পরিবারগুলোর কান্না আর আহাজারিতে কাজিরহাট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। আরটিভি/টিআর
সন্তানদের জন্য চকলেট আনার কথা ছিল জুয়েলের
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি গঠন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা প্রশাসন।
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি গঠন
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে
গাজীপুরের শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাঁধা দিচ্ছে সন্তান। বৃদ্ধ বাবাকে হাসপাতালে যাতে না নিতে পারে সেজন্য ঘরের সামনে দেওয়া হয়েছে বেড়া। বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে বৃদ্ধ মুনসুর আলী (১১৫)। 
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে দেয়নি ছেলে
হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন
হাজার ডিসেম্বর চলে গেলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।
হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন
আরও পড়ুন
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল: প্রধানমন্ত্রী
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নারীরাই মনোনয়ন পাবেন: রিজভী