
বরগুনায় জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল করেছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
রোববার (২৯ নভেম্বর) বেলা বারোটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শুরুর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরগুনা জেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদ বরগুনার প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার রিয়াজ।
বিক্ষোভে সভাপতিত্ব করেন যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম জুয়েল। সার্বিক পরিচালনায় ছিলেন যুবদল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ইশতিয়াক উল জলিল সোহাগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরগুনা জেলা শাখার সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সব ধরনের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।
আরটিভি/এসএস



