
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গরু চুরির সময় বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাতে করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে তারা দুটি গরু পিকআপে তুলে নিয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সবুজ মিয়া (৪০) নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি পারিবারিক খামারে গরু পালন করছেন। চুরি হওয়া ফ্রিজিয়ান জাতের গরু দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সবুজ মিয়ার বাড়ির দেয়াল টপকে গোয়ালঘরে ঢোকে। পরে সেখানে থাকা গরু দুটি নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সবুজ বাড়ির শয়নকক্ষ থেকে বেরিয়ে গোয়ালঘরে গিয়ে তাদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। দুর্বৃত্তরা সবুজের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এর আগেই দুর্বৃত্তরা গরু দুটি বাড়ির বাইরে দাঁড় করানো একটি পিকআপে তুলে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরটিভি/ এসকেডি




