
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর ফেনা মিশ্রিত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও এক শিশু।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- গোলাবর গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)। রোববার দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাজিতের মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়।
জানা গেছে, বাড়ির এক কোণে রাখা বড় একটি মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল নিয়ে সাজিত, হুমায়রাসহ তিন শিশু খেলছিল। তারা শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাঁড়ি-পাতিল ধোয়ার পর একপর্যায়ে বোতলে পানি মিশিয়ে ফেনা তৈরি করে পান করে। এতে তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে।
স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাজিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হুমায়রাসহ অন্য শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে, এমন আশঙ্কায় পরিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। রাত ১১টার দিকে সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
আরটিভি/এমএইচজে


