
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত-দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জোরারগঞ্জ বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ট্রাকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৩০১ বস্তা সার চোরাচালানের ঘটনায় করা মামলার তদন্তে প্রকাশিত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতির মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে নয়জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অপরাধ দমন, অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


