
চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন পাটোয়ারীর উদ্যোগে শিমুলতলী-বাতাপুকুরিয়া সড়কের দুই পাশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ সময় তিনি নিজেও ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে অংশ নেন। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োজিত শ্রমিকরাও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে বিভিন্ন স্থানে আড়ালের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সড়কের দৃশ্যমানতা বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন পাটোয়ারী বলেন, সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে বিভিন্ন স্থানে সড়ককেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, শাহিন পাটোয়ারীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমী। সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকলে অনেক সময় আড়ালের সৃষ্টি হয়, যা অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করতে পারে। ঝোপঝাড় পরিষ্কার করা হলে সড়কে দৃশ্যমানতা বাড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও যানবাহনের চালকেরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সড়কে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি হবে এবং ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি কমাতে সহায়ক হবে।
আরটিভি/টিআর




