
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা, নাশকতা ও বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা-পুলিশ। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর গড়েরাবাদ এলাকায় জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তারা হলেন আমজাদ গাজীর ছেলে আব্দুর রশিদ, কাশেম গাজীর ছেলে আমিরুল গাজী, সামাদ মিস্ত্রির ছেলে শফিকুল মিস্ত্রি, জব্বার মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা এবং জামান মোল্লার ছেলে সাইফুল মোল্লা।
এ ছাড়া লক্ষীখোলা গ্রামের মনিরুল সরদারের স্ত্রী ও সিআর মামলার আসামি সুফিয়া বেগম এবং পৌরসভার সরল গ্রামের মৃত বিমল মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলকে আটক করা হয়।
নাশকতার মামলায় গদাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারজাহান পারভেজ রুমি এবং নগর শ্রীরামপুর গ্রামের সিআর মামলার আসামি আসলাম গাজীর ছেলে আলমুন হুসাইনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া একই এলাকা থেকে বিল্লাল বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস এবং রামনাথপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী ও তার স্ত্রী হালিমা বেগমকে আটক করা হয়।
এ ছাড়া কাজীমুছা গ্রামের জিআর মামলার আসামি ময়নুল ইসলামের ছেলে আবুল বাশার হৃদয় এবং ধামরাইল গ্রামের মীর আব্দুল মজিদের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, বিভিন্ন অভিযোগ ও মামলায় তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/টিআর




