ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে প্রথমবারের মতো ‘জঁ মোনে মডিউল’ চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
‘জঁ মোনে মডিউল’ (Jean Monnet Module) চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে; বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মডিউলটির উদ্বোধন করা হয়। । ছবি: আরটিভি

বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মর্যাদাপূর্ণ ইরাসমাস প্লাস (Erasmus+) কর্মসূচির আওতায় ‘জঁ মোনে মডিউল’ (Jean Monnet Module) চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের দাখিলকৃত 'EU Governance, Green Deal and Climate-Resilient Urban Development (EUGREEN-CLIMURBAN)' শীর্ষক প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের Erasmus+ কর্মসূচির অধীনে Jean Monnet Module হিসেবে নির্বাচিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মডিউলটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ মডিউলের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু ও উন্নয়ননীতি সম্পর্কে অবহিত করা এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা। এটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জঁ মোনে মডিউল আন্তর্জাতিক অঙ্গনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংযোগ, গবেষণা সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, এ মডিউলের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউরোপীয় গবেষক ও শিক্ষাবিদদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক সংযোগ সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি শিক্ষাবিদ ও গবেষকদের তাত্ত্বিক জ্ঞানচর্চার পাশাপাশি বাস্তব সমস্যা সমাধান এবং নীতিনির্ধারণে পরামর্শক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ মডিউল চালু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয় তথা দেশের উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক নীতিকাঠামো সম্পর্কে ধারণা অর্জন এবং দীর্ঘমেয়াদি একাডেমিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও গবেষককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মডিউলটির সমন্বয়ক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। তিনি মডিউলের উদ্দেশ্য, একাডেমিক কাঠামো ও তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথম জঁ মোনে মডিউল চালুর সুযোগ পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একাডেমিক অর্জন। আমাদের লক্ষ্য শুধু ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে পাঠদান নয়; বরং ইউরোপের নীতি, অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণাকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন জ্ঞান ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। আমরা এ মডিউলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী আন্তঃবিষয়ক একাডেমিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

অনুষ্ঠানে জানানো হয়, EUGREEN-CLIMURBAN মডিউলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের শাসনব্যবস্থা, ইউরোপিয়ান গ্রিন ডিল, পরিবেশ ও জলবায়ুনীতি, টেকসই নগরায়ণ এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন বিষয়ে আন্তঃবিষয়ক শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে। বিশেষভাবে ইউরোপীয় অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের নগর পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের তুলনামূলক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পটির আওতায় তিন বছরে মোট ৪৮০ ঘণ্টার শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কমপক্ষে ১২০ জন শিক্ষার্থীকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি সেমিস্টারের শুরুতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নিয়মিত পাঠদানের পাশাপাশি মডিউলটির আওতায় আন্তর্জাতিক অতিথি বক্তৃতা, বিশেষজ্ঞ সেমিনার, কর্মশালা, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, সক্ষমতা উন্নয়ন, শিক্ষার্থীদের প্রায়োগিক প্রকল্প, নীতিসংলাপ, গবেষণা, পলিসি ব্রিফ এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালিত হবে। নেদারল্যান্ডসের Utrecht University এবং জার্মানির University of Stuttgart-এর শিক্ষকদের একাডেমিক সম্পৃক্ততারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ইউরোপীয় নীতি ও গবেষণার অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় উন্নয়ন চ্যালেঞ্জের একটি কার্যকর সংযোগ গড়ে তোলা হবে।

প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের নেতৃত্বে মডিউলটির একাডেমিক কার্যক্রমে অবদান রাখবেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে তারা নিজ নিজ একাডেমিক ক্ষেত্রের আলোকে মডিউলের সম্ভাব্য কার্যক্রম, কর্মপন্থা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা পাঠ্যক্রম উন্নয়ন, পাঠদান, শিক্ষার্থী গবেষণা, মূল্যায়ন ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জঁ মোনে মডিউল ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির একটি বিশেষায়িত উদ্যোগ, যার মাধ্যমে বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউরোপীয় ইউনিয়নবিষয়ক শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন করা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পূর্বঘোষিত এক দফা দাবির অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকরা। এত দিন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এখন তারা চুয়েটের যেকোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১টার দিকে সমিতির পক্ষ থেকে নতুন এ অবস্থানের কথা জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন অধ্যাপক রয়েছেন, যাঁদের প্রত্যেকেই এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্য। তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে সরকার যেন আমাদের এই চরম সংকটাবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে জরুরি মতবিনিময় সভা করেন চুয়েটের শিক্ষার্থীরা। সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’—এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় ৬৬ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখনো স্থবির হয়ে আছে। আরটিভি/টিআর
উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাবেশের বক্তারা। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তাঁরা। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই আজ দেশের সর্বত্র যেভাবে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা লুটতরাজ চাই না। আমরা আমাদের দেশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কম্পিউটার অপারেটর মো. নূরুল ইসলাম বলেন, সম্প্রতি সারা দেশে যে অস্থিতিশীলতা, সহিংসতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর আমরা দেখেছি, তা কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্থানের সমস্যা নয়। এটি আমাদের সামগ্রিক নিরাপত্তা, মানবিক বোধ এবং স্বাভাবিক জীবনযাত্রার ওপর আঘাত। সহিংসতা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। সন্ত্রাসের পথ মানুষকে কেবল পেছনে টানে, কেড়ে নেয় সাধারণ মানুষের স্বস্তি, স্বপ্ন আর নিরাপদ আগামী। অফিস সহায়ক মো. শাহজালাল বলেন, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ যখন একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ২০২৪ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী আবারও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের ধিক্কার জানাই। জাবিপ্রবির রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, বিগত কিছুদিন ধরে একটি নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এই নৈরাজ্যের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ হয়ে প্রধান ফটক দিয়ে ঘুরে আবার হাদী চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনপ্রধান, প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া শোভাযাত্রায় খুলনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিশিষ্ট গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং দ্বিতীয় ক্যাম্পাসে নতুন বিষয়ে পাঠদান চালুর অনুমোদন দেওয়া হয়েছে। জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ নির্মাণ এবং দেশে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে চাই। ড. মামুন আহমেদ বলেন, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেগুলোর সমাধানে খুলনা বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব সময় পাশে থাকবে। আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় পুরো দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমার জীবনের অর্জন ও পথচলার একটি বড় অংশজুড়ে রয়েছে এই খুলনা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আজ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, আমরা খুবিয়ান। এই পরিচয় আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকারেরও প্রতীক। আমরা বিশ্বাস করি, খুলনা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেই নয়, বরং দেশ ও জাতির উন্নয়নে দক্ষ, যোগ্য ও মানবিক নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানকার শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা, সততা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও উচ্চতর অবস্থানে পৌঁছাবে—এটাই আমার প্রত্যাশা।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এ ছাড়া সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আরটিভি/টিআর
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন
ইবির সমাবর্তনে নিবন্ধন না করলেও সবার জন্য থাকছে ‘মূল সার্টিফিকেট’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন না করলেও নির্ধারিত ফি দিয়ে মূল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। নিবন্ধনকারী শিক্ষার্থীদের পাশাপাশি অনিবন্ধিত শিক্ষার্থীদের জন্যও মূল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্টিফিকেট জালিয়াতি রোধে যুক্ত করা হবে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা (সিকিউরিটি ফিচার)। পাশাপাশি থাকবে কিউআর কোড, যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সার্টিফিকেটের সত্যতা যাচাই করা যাবে। সমাবর্তনের ১৫ দিন আগেই প্রস্তুতকৃত সার্টিফিকেট বিভাগগুলোতে পৌঁছে দেওয়া হবে। বুধবার (২৫ নভেম্বর) সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল হান্নান শেখ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল সার্টিফিকেট সাধারণত উন্নতমানের গোটস্কিন পার্চমেন্ট পেপারে মুদ্রণ করা হয়। এ কাগজের দামও তুলনামূলক বেশি। সার্টিফিকেট তৈরিতে ১৬০ জিএসএম কাগজ ব্যবহার করা হবে। এসব কাগজে মুদ্রণের জন্য প্রয়োজন হবে হাই-রেজল্যুশন প্রিন্টার। তবে এ প্রিন্টারের দৈনিক উৎপাদনক্ষমতা মাত্র ৩০০ কপি। ফলে ১০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করলে সবার সার্টিফিকেট প্রস্তুত করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হবে। তিনি জানান, সার্টিফিকেট তৈরির প্রথম ধাপে নির্ধারিত মানের কাগজে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য বিশেষ নিরাপত্তাসম্পন্ন মুদ্রণব্যবস্থায় মুদ্রণ করা হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নাম, সিজিপিএ, ডিগ্রির নাম ও রোল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হবে। সবশেষে সার্টিফিকেট সংরক্ষণের জন্য খাম তৈরি করে বিভাগভিত্তিকভাবে বিতরণ করা হবে। সার্টিফিকেটের ফি সম্পর্কে উপকমিটির আহ্বায়ক বলেন, বর্তমানে এক হাজার টাকা ফি দিয়ে একজন শিক্ষার্থী দুটি সার্টিফিকেট পাবেন। এর মধ্যে একটি স্নাতক এবং অন্যটি স্নাতকোত্তর ডিগ্রির। যারা সমাবর্তনে নিবন্ধন করবেন না, তাঁরাও পরবর্তী সময়ে নির্ধারিত ফি দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিটি সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে দুটি সার্টিফিকেটের জন্য মোট এক হাজার টাকা দিতে হবে। অনিবন্ধিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, তাঁদের সার্টিফিকেটের প্রাথমিক কাজ আগেই সম্পন্ন করে রাখা হবে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য এবং নিরাপত্তাসংক্রান্ত কাজগুলো আগে থেকেই সম্পন্ন থাকবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে তাঁর নাম, সিজিপিএ, ডিগ্রি ও রোল নম্বর সংযুক্ত করে সার্টিফিকেট পূর্ণাঙ্গ করা হবে। তিনি আরও জানান, সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট অনুষ্ঠান শুরুর আগেই প্রস্তুত করা হবে। শিক্ষার্থীরা সমাবর্তনের কয়েক দিন আগে নিজ নিজ বিভাগ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। মূল সার্টিফিকেটের সঙ্গে সাধারণ সার্টিফিকেটের পার্থক্য থাকবে কি না, জানতে চাইলে তিনি জানান, প্রশাসন ভবন থেকে সাধারণত শিক্ষার্থীরা যে সার্টিফিকেট সংগ্রহ করেন, সেটি প্রভিশনাল বা সাময়িক সনদ। অন্যদিকে, সমাবর্তনে দেওয়া মূল সার্টিফিকেটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে, যা নকল করা কঠিন। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে সার্টিফিকেটের সত্যতা যাচাই করা যাবে। সমাবর্তন থেকে মূল সার্টিফিকেট পাওয়ার পর একই সার্টিফিকেট পুনরায় প্রশাসন ভবন থেকে সংগ্রহের প্রয়োজন হবে না। উল্লেখ্য, গত ১২ অক্টোবর সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবদুল হান্নান শেখকে আহ্বায়ক করে ২০ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। একই দিনে পদক, পুরস্কার ও উপহারসামগ্রী বিতরণের জন্য ইইই বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট আরেকটি উপকমিটি গঠন করা হয়। আরটিভি/টিআর
ইবির সমাবর্তনে নিবন্ধন না করলেও সবার জন্য থাকছে ‘মূল সার্টিফিকেট’
স্মার্ট কৃষির সম্ভাবনা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইইই ক্লাবের আয়োজনে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো। সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বলেন, ‘কৃষির আধুনিকায়নে ওয়্যারলেস প্রযুক্তির বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই সুযোগ বিস্তৃত হচ্ছে। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবারিত সুযোগে অবদান রাখবেন। বিদেশি বক্তার সঙ্গে জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ। আমি আশা করি, টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়বে এবং গবেষণার উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আদান-প্রদান ঘটবে।’ সেমিনারের মূল পর্বে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কীভাবে কৃষিকে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান আলোচক হেনডি ব্রিয়ানতোরো। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেমিনারে বিভাগের পক্ষ থেকে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তানজিল হোসেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
স্মার্ট কৃষির সম্ভাবনা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ
খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন