
‘বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোছনা আনি, আঁধার দুনিয়ায়’ এ স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা পরিচালক শাহরিয়া বিন মিজানুরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা এবং সিকিউরিটি ইসলামী ব্যাংকের কানসাট শাখার ব্যবস্থাপক মো. মেসবাউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং মা-বাবার প্রতি সন্তানদের শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে উৎসাহমূলক বক্তব্য দেন বক্তারা।
আরটিভি/টিআর



