
উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, পোড়া তেলে চানাচুর তৈরি এবং খামি ও খাদ্য সংরক্ষণের স্থানে মাছি-তেলাপোকার উপস্থিতিসহ নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এসব অপরাধে চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন শপিং ব্যাগ সুপারশপকে ৩ লাখ এবং কাহওয়া ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার করা হচ্ছিল। উৎপাদনের জন্য রাখা ডালডার মধ্যে পলিথিন ও ময়লা পাওয়া যায়। কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝে, টোস্ট পাউডার ও খামিতে মাছির বিচরণ এবং টোস্ট সংরক্ষণের স্থানে তেলাপোকার উপস্থিতিও দেখা যায়।
এ ছাড়া চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার, কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা এবং মার্জারিন সংরক্ষণের ফ্রিজের নিচে পানি জমে থাকার বিষয়টি নজরে আসে আদালতের। এসব অনিয়মে মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নায় ব্যবহৃত তেলে ময়লা এবং আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকার প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্যের সঙ্গে ইঁদুর মারার ওষুধ ছিটিয়ে রাখা, পচা মরিচ সংরক্ষণ এবং খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মীকে দিয়ে মসলা প্রস্তুতের বিষয়টিও শনাক্ত করা হয়। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, ময়লাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খামি, খোলা ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাবাশির পাতি এবং পচা বিটরুট পাওয়া যায়। পাশাপাশি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে কারসাজির মাধ্যমে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অনিয়মের প্রমাণ পাওয়ায় ফুলকলি ও শপিং ব্যাগ সুপারশপকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় মোট ৯ লাখ টাকা এবং কাহওয়া ক্যাফেকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরটিভি/এসআর



