ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচন্নপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনগাঁও গ্রামের হাবিবুল্লাহ (২৭), জেলার শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়া উপজেলার নলীপলাশ গ্রামের জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ উপজেলার বড়াইয়া পূর্বপাড়া (আওড়াখালী বাজার) গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)। তাদের কাছ থেকে অটোরিকশা বিক্রির সাড়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

নিহত অটোরিকশাচালক জাহিদ রহমান কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর (পূর্বপাড়া) গ্রামের হবিবুর রহমান হাবির ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা (পশ্চিমপাড়া) গ্রামের গভীর গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর অটোরিকশাচালক জাহিদ রহমান তার অটোরিকশা নিয়ে কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লতিফপুর-গোসিংগার দিকে যান। ওই দিন তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে না পেয়ে পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তার বাবা কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ছেলের মরদেহ গজারি বনের ভেতর পড়ে থাকার খবর আসে তার কাছে। পরে সাভারচালা (পশ্চিমপাড়া) গভীর গজারি বনের ভেতর থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তার ছেলের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক জাহিদ রহমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অটোরিকশাচালকের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা (নং-৫৪) দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় তারা স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। পরে তদন্ত কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অটোরিকশাচালক জাহিদ রহমান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পান এবং তাদের গ্রেপ্তার করেন। তাদের মধ্যে তিনজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, নিহত জাহিদ ও আসামি ইন্তাজ পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজন হলে আসামি ইন্তাজ ও সহযোগী আসামিরা জাহিদকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি ইন্তাজ আলী গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে যেতে বলেন। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারি বনে নিয়ে যান। তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি হাবিবুল্লাহ দড়ি কিনে রাখেন। সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। অটোরিকশাটি বিক্রির জন্য আসামি আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন তারা।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে ক্লুলেস অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাবে। পিবিআইয়ের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর অটোরিকশাচালক হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে পিবিআই আদালতে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আরও পড়ুন
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর 
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ