ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বন্ধ হলো সেই ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

রাঙ্গাবালী ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: আরটিভি

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। অন্যদিকে, মাদ্রাসার সুপার ঘোষণা দিয়েছেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।

সোমবার (৯ নভেম্বর) ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে বিয়ের আয়োজন বন্ধ করে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।

এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপ ও জনপ্রতিনিধির এমন আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছে ঝুমুর ও তার পরিবার।

ঝুমুর আক্তার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার জন্ম ২৮ মার্চ ২০১২। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১।

শিক্ষকদের ভাষ্য, পড়াশোনার প্রতি ঝুমুরের প্রবল আগ্রহ রয়েছে। প্রতিদিনের পড়া নিয়মিত প্রস্তুত করে আসে। একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।

জানা গেছে, ঝুমুরের মতামত উপেক্ষা করে পরিবারের সদস্যরা তার বিয়ের আয়োজন করেন। ৯ নভেম্বর বিয়ের দিনও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ৮ নভেম্বর পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদরাসার সুপার বরাবর লিখিত আবেদন করে ঝুমুর।

আবেদনে সে জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন এবং তাকে বিয়ে দিতে বাধ্য করছেন। তবে সে এখন বিয়ে করতে চায় না; লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। আবেদনে ঝুমুর লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার জানান, তিনি একজন দিনমজুর। তার তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। তাদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাকে বহন করতে হয়। তার ছেলে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

লাল মিয়া সরদার বলেন, ‘আমি দিনমজুর মানুষ। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছি। তাদের ঘরে তিন নাতনির পড়ার খরচও আমাকে দিতে হয়। ছেলে আমার সঙ্গে দিনমজুরের কাজ করে। সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় মেয়ের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়ে বিয়েতে রাজি হয়নি। এখন স্যাররা বলেছেন, মেয়ে ভালো পড়াশোনা করে। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। আমি চাই, আমার মেয়ে পড়াশোনা করুক।’

ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুমুর আমার মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী। সপ্তম শ্রেণিতে তার রোল নম্বর ১। পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। সে যত দিন আমার মাদরাসায় পড়াশোনা করবে, তত দিন তার কোনো টাকা-পয়সা খরচ হবে না। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি জানার পর ঝুমুরের বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে আসেন। তারা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি এবং বুঝিয়ে বলেছি। তারা বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। মেয়েটির পড়ালেখা চালিয়ে নিতে সহায়তা করা হবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈরে আজমরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে তপন সরকার নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষক অভিনব কায়দায় ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরলেও শেষ রক্ষা হয়নি।
‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না শিক্ষকের, ঘটনা কী
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী সনেট সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
আরও পড়ুন
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
আজ স্কুলছাত্রীটির বিয়ে
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির