
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে কমপক্ষে দুই হাজার একর জমির প্রয়োজন। পাশাপাশি ঢাকার বিমানবন্দর থেকে প্রস্তাবিত বিমানবন্দরের দূরত্ব কমপক্ষে ১০০ কিলোমিটার হতে হবে। এসব বিবেচনায় ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে। এটি একটি বড় ও জটিল পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পর উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সম্ভাবনা তৈরি হবে। বিমানবন্দরকে ঘিরে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। দায়িত্বে থাকাকালে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে তা আমার জীবনের অন্যতম মাইলফলক হয়ে থাকবে।
এ সময় দেশের পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিস্টের গুপ্তচরেরা পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। তবে শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে



