
সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন।
আবুল হোসেন জানান, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে তিনি আরও তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোববার (১৫ নভেম্বর) সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
তিনি আরও জানান, দুইদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেটি ছিল গুজব। কিন্তু রবিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দেয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে সেখানে পৌঁছে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
আরটিভি/এমএইচজে




