
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা এলাকা। রাস্তার পাশে সরকারি জায়গায় ছোট্ট একটি জরাজীর্ণ কুঁড়েঘর। বৃষ্টি নামলেই ঘরের চাল দিয়ে পড়ে পানি। এই ঘরেই কোনো রকমে দিন কাটছে চান মিয়া ও তার স্ত্রী রেজিয়া বেগমের। একসময় মানুষের কাছে হাত পেতে আর অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলতো তাদের সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নদীভাঙনে হারিয়েছেন শেষ আশ্রয়টুকুও। এরপর স্বামীর অসুস্থতা কেড়ে নিয়েছে বেঁচে থাকার শেষ অবলম্বন। অর্থাভাবে জুটছে না নিয়মিত খাবার, হচ্ছে না স্বামীর চিকিৎসা। একবেলা খেলে আরেক বেলা থাকতে হয় না খেয়ে।
সরজমিনে জানা যায়, একসময় ভূঞাপুর উপজেলার রামপুর চর এলাকায় ছিল তাদের বসতভিটা। নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের খোঁজে চলে আসেন জিগাতলায়। মানুষের সহায়তায় গড়ে ওঠে তাদের থাকার ছোট্ট এই আশ্রয়স্থল। ঘরে বিদ্যুতের ব্যবস্থাও করে দিয়েছেন স্থানীয়রা। চান মিয়া মানুষের কাছে হাত পেতে আর তার স্ত্রী রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে চালাতেন সংসার। কিন্তু ২০২৩ সালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন চান মিয়া। সেই থেকে অসুস্থ অবস্থায় ঘরেই পড়ে আছেন তিনি। অর্থাভাবে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসাসেবা।
এর আগে সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় তার একটি পা। তখন এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করানো হয়েছিল। বর্তমানে শ্বাসকষ্টের পাশাপাশি শরীরজুড়ে তীব্র ব্যথায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না। তবে নিয়মিত আল্লাহর জিকির করেন, ভরসা রাখেন সৃষ্টিকর্তার ওপর।
সংসারে নেই কোনো ছেলে-মেয়ে। নেই নিয়মিত আয়ের উৎস। মানুষের দেওয়া সামান্য সাহায্যেই চলে দুজনের খাবার। কখনো এক বেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, তা জানা নেই তাদের। নিত্যপ্রয়োজনীয় তেল-সাবান কেনার সামর্থ্যটুকুও নেই।
রেজিয়া বেগম বলেন, মানুষ যে যা দেয়, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। ঠিকমতো বাজার করতে পারি না। তেল-সাবানও কিনতে পারি না। স্বামীর চিকিৎসা করানোর সামর্থ্যও আমার নেই।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি। থাকার মতো ভালো একটি ঘর নেই। যে কুঁড়েঘরে থাকেন, বৃষ্টি হলে সেখানেও পানি পড়ে। তাদের কোনো সন্তানও নেই, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই সরকারের কাছে তাদের জন্য একটি ঘর ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
একদিকে নদীভাঙনে হারানো বসতভিটা, অন্যদিকে স্বামীর অসুস্থতা আর নিত্যদিনের অভাব-সব মিলিয়ে অসহায় রেজিয়া বেগমের জীবন। যে মানুষটি একসময় মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন, আজ তিনিই অসুস্থ হয়ে অন্যের সহায়তার অপেক্ষায়। একবেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, সেই চিন্তায় কাটে তাদের দিন।
শেষ বয়সে এসে তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার আর স্বামীর চিকিৎসার ব্যবস্থা। অসহায় এই দম্পতির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পরিবারটিকে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে ঘর পায় সেই ব্যাপারে সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে


