
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয়রা মশাল মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তারা শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান। ওই দিন তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা করতে না পারেন, সে জন্য স্থানীয় জনগণ মশাল মিছিল করেছেন। বিশেষ করে শামীম ওসমান ও তার অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো নাশকতা করতে না পারে, সেই বার্তা দিতেই তার বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয়েছে। তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে



