ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: আরটিভি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ঘূর্ণিঝড় আকভান সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকায় কৃষিকাজে দেখা দিয়েছে স্থবিরতা। আমন ধান কাটার গুরুত্বপূর্ণ সময়ে এমন আবহাওয়া কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাইকগাছায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত নানা কারণে উপকূলীয় এলাকায় কৃষি মৌসুমের কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হয়। ফলে উপজেলার উঁচু জমিগুলোতে সবেমাত্র আমন ধান পাকতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে। অধিকাংশ জমির ধান এখনো মাঠে রয়েছে।

এ অবস্থায় টানা বৃষ্টি ও দমকা বাতাসে পাকা ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে পানি জমলে ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেগুলো শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ সময় ভেজা থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। এর সঙ্গে শ্রমিকসংকট যুক্ত হওয়ায় অনেক কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।

উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সামাদ সরদার বলেন, ধান কাটার সময় হয়েছে। এমন সময়ে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হওয়ায় আমরা খুব চিন্তায় আছি। জমির পাকা ধান হেলে পড়ছে। আবার কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাচ্ছে। রোদ না উঠলে এসব ধান শুকানো কঠিন হবে। এতে আমাদের অনেক ক্ষতি হতে পারে।

একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে গোপালপুর গ্রামের কৃষক মোহাম্মদ গোলদার বলেন, বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। একদিকে ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে আবহাওয়ার অনিশ্চয়তা। দ্রুত আবহাওয়া ভালো না হলে এবং উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।

শুধু আমন ধান নয়, বৈরী আবহাওয়ায় শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ শুরু হয়েছে। অনেক কৃষক আগাম সবজির চারা রোপণ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে থাকায় এসব চারার গোড়া পচে যাওয়া এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হলে সবজির জমিতে ব্যাপক ক্ষতি হতে পারে। এসব ফসল উৎপাদনে ইতিমধ্যে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করেছেন তারা। অনেকেই ধারদেনা কিংবা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফলে ফসল নষ্ট হলে আর্থিক সংকটে পড়তে পারেন তারা।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, ‘উপজেলার উঁচু জমির আমন ধান পাকতে শুরু করেছে। যেসব জমির ধান বেশি পেকে গেছে, সেসব ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কেটে রাখা ধান যেন দীর্ঘ সময় বৃষ্টির পানিতে ভিজে না থাকে, সে বিষয়ে কৃষকদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুরসহ বিভিন্ন শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

কৃষকদের এখন একটাই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হোক আবহাওয়া। সময়মতো পাকা আমন ধান ঘরে তুলতে পারলেই কিছুটা স্বস্তি ফিরবে তাদের পরিবারে। অন্যথায় টানা বৃষ্টির কারণে আমন ও শীতকালীন সবজি দুই ফসলেই ক্ষতির মুখে পড়তে পারেন পাইকগাছার কৃষকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাপড়ের রঙ। এমনকি খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে কুমিল্লায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রী উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোনো কোনো কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলেছেন। আবার অনেকের জমির পাকা ধান আর কয়েক দিনের মধ্যেই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
বিনামূল্যে চিকিৎসা পেলেন লতার পাঁচ শতাধিক মানুষ
বরিশাল জেলার কাজিরহাট থানার অন্তর্গত ২নং লতা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা পেলেন লতার পাঁচ শতাধিক মানুষ
আরও পড়ুন
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 
২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার