
শরৎ ও শীতের মধ্যবর্তী ঋতু হেমন্ত। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। দিনের বেলায় হালকা রোদের উষ্ণতা থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত বইছে মৃদু হিমেল বাতাস। সেইসঙ্গে পড়ছে হালকা কুয়াশা। শিশিরভেজা ঘাস আর সোনালি ধানখেত জানান দিচ্ছে শীতের আগমনের। এরই মধ্যে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি আরও বেড়েছে উত্তরের জনপদে।
হিমালয়ের পাদদেশের উত্তরের শীতপ্রবণ জেলা নীলফামারীতে প্রতিবছরই শীতের তীব্রতা থাকে বেশি। এবারও হেমন্তের শুরু থেকেই ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, মাঠজুড়ে সোনালি ধান আর কুয়াশার চাদর জানান দিচ্ছে শীত আসছে। তবে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে আরও বেশি।
শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির দোকানগুলোতে। কোথাও কোথাও পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন দোকানিরা। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরাও। অন্যদিকে হেমন্তের সোনালি মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তবে আজ বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান তলিয়ে গেছে বিপাকে পড়েছেন কৃষকরা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এ অঞ্চলে গড় তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে এক হাজার ৮০০ মিটারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম জানান, আগামীকাল পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে। মাসের শেষ দিকে এ অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে শুরু করবে।
এদিকে শীত ও বৃষ্টির প্রভাবে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত সমস্যার প্রকোপ দেখা দিচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনেও পড়েছে শীতের প্রভাব। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
সৈযদপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকতা নাজমুল হোসেন জানান, গত এক সপ্তাহ থেকে শীতজনি রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
সব মিলিয়ে হেমন্তের প্রকৃতিতে এখন শীতের পদধ্বনি। শিশিরভেজা সকাল, কুয়াশার চাদর আর হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টির ছোঁয়ায় শীতের প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরের জনপদ।
আরটিভি/এমএম


