
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও তথ্য দেওয়ার জেরে কৃষক রফিক মিয়া হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
সোমবার (২৩ নভেম্বর) হত্যাকাণ্ডের বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজনরা। তাদের বক্তব্য ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
নিহত রফিক মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা। গত ১৬ নভেম্বর বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আত্মীয় মালু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় শিরন মিয়া, রহিম মিয়া, আব্দুল কাদির ও উজ্জল মিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। পরিবারের দাবি, অভিযুক্তরা বর্তমানে পলাতক।
সংবাদ সম্মেলনে নিহতের চাচা ফুল মিয়া বলেন, তার ভাতিজা রফিক মিয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং বিজিবিকে তথ্য দিয়ে পুরস্কৃত হয়েছিলেন। মাদকবিরোধী অবস্থানের কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এখন আসামিরা লুটপাটের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের চাচা ফুল মিয়া।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগে মাদকবিরোধী অবস্থান নিয়ে বিরোধের জেরে রফিককে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আর প্রতিবাদ বা তথ্য না দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ সময় স্থানীয় সর্দার রশিদ মেম্বার ও ধনু সরদারের বিরুদ্ধে সাদা কাগজে লিখিত নেওয়ার অভিযোগও করেন ফুল মিয়া।
নিহত রফিকের দুটি সন্তান রয়েছে। একজনের বয়স পাঁচ বছর, ওপরজন তৃতীয় শ্রেণিতে পড়ে। তার স্ত্রী প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করেন। রফিকের মৃত্যুর পর পরিবারটি নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে স্বজনরা জানান।
মামলার আসামিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তাদের পরিবারের কয়েকজনের দাবি, বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
আরটিভি/জেএমএ


