
একসময় প্রিয়জনের চিঠির আশায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের বেল কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়।
সুসংবাদের চিঠিতে মন আনন্দে ভরে উঠত, আবার স্বজনের পাঠানো দুঃসংবাদে চোখ ভিজে যেত জলে। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চেনা ছবি। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইমোর যুগে চিঠি লেখার চল প্রায় উঠেই গেছে। তবু চিঠির অপেক্ষা এখনও ফুরায়নি ডাকঘরের কর্মীদের।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিঠির আশায় দায়িত্ব পালন করেন কর্মীরা। নিয়মিত খোলা হয় ডাকবাক্সও। তবে ব্যক্তিগত চিঠি এখন প্রায় আসেই না বললেই চলে। বদলে সরকারি নিয়োগ বা চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের নোটিশের মতো ডাকই বেশি আসছে।
গৌরীপুর উপজেলা পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানান, দীর্ঘ আট বছর পর এক মাস আগে পোস্ট অফিস ভবনের সামনে একটি বড় ডাকবাক্স বসানো হয়েছে। কিন্তু গত এক মাসে ওই বাক্সে একটি চিঠিও পড়েনি। তার ভাষ্য অনুযায়ী, সরকারি ডাকের মধ্যে নিয়োগ ও চাকরিসংক্রান্ত চিঠি, আদালতের সমন এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্রই বেশি আসে। সরকার বিভিন্ন সেবা ও সুবিধা চালু করলেও সেগুলোতে আশানুরূপ সাড়া মিলছে না।
একসময় দূরের মানুষের কাছে মনের ভাব পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল চিঠি। প্রিয়জনের হাতে লেখা চিঠি পেতে দিনের পর দিন প্রহর গুনতেন মানুষ। চিঠির প্রতিটি ছত্রে মিশে থাকতো ভালোবাসা, অভিমান, আনন্দ কিংবা বিচ্ছেদের বেদনা। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতায়ও ফুটে উঠেছিল সেই সময়ের ডাকবাহকের জীবন ও দায়িত্বের চিত্র।
এখন আর রাত জেগে চিঠির পাতায় মনের কথা বা প্রেমের কথা লেখেন না অনেকেই। কয়েক মুহূর্তেই মুঠোফোনে পৌঁছে যায় বার্তা। যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনে ব্যক্তিগত চিঠির সেই দিনগুলো অনেকটাই অতীত হয়ে গেছে। তারপরও ডাকঘরের কর্মীরা প্রতিদিন ডাকবাক্স খোলেন, অপেক্ষায় থাকেন চিঠির জন্য।
আরটিভি/এসএস


