
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকেই ঠান্ডা কিছুটা বাড়তে শুরু করে। অন্যদিনের তুলনায় গতরাতে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে। রাতভর কুয়াশা ঝরেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়েছিল। সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। তবে সূর্যের আলো ফোটায় ধীরে ধীরে কুয়াশা কেটে গেছে।
সরেজমিনে ভোর সোয়া ৬টার দিকে দাশুড়িয়া, কালিকাপুর, বহরপুর, নওদাপাড়া এলাকায় গিয়ে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এ সময় সড়কে চলা যানবাহনকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ৭টার দিকে দাশুড়িয়া ট্র্যাফিক মোড় এলাকায় গিয়ে মানুষের উপস্থিতিও অনেকটাই কম মিলেছে। কাজের সন্ধানে বের হওয়া মানুষ গায়ে শীতের পোশাক পরে বা গরম কাপড় জড়িয়ে বেরিয়েছেন।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নাজিম বলেন, আমরা প্রতিদিন সকালে মোটরসাইকেলযোগে ডিউটিতে যাই। আজ অন্যদিনের তুলনায় ঠান্ডা অনেকটাই বেড়েছে। এর আগে শীত পড়লেও গেল কয়েকদিন আবার কিছুটা গরমই ছিল। কিন্তু আজ আবার শীত চলে এসেছে।
ভ্যানচালক ছগীর আলী বলেন, গত রাত থেকেই কুয়াশা পড়তেছে। ঠান্ডা অন্যদিনের চেয়ে একটু বেড়েছে। ভোর বেলায় অনেক কুয়াশা ছিল। কুয়াশার কারণে একটু দূরে ঠিকমতো দেখাই যায়নি। সকালে কিছুটা কমে গেছে। শীত এখন ক্রমেই বাড়বে।
ঈশ্বরদী ইপিজেডের এক শ্রমিক বলেন, শীতের দিন চলে আসছে। এখন সকালে অফিসে যাওয়া কষ্টকর হবে। ভোরে উঠে রান্নাবান্না করা থেকে শুরে করে সকালে বের হওয়া সবই কষ্ট। তারপরও এখনও শীতের পোশাক কেনা হয়নি। শীত পড়ায় পুরাতনটাই পড়তেছি।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আজ ভোর ৬টায় ঈশ্বরদীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গেল কিছুদিন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। মূলত গতকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ অনেকটাই কমে গেছে এবং শীতের অনুভূতিও বেড়েছে।
আরটিভি/এমএইচজে



