
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল।
তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়ে গেছে। এখন আবার আগুনের ঘটনা ঘটলো। বিষয়টি শত্রুতামূলক হতে পারে। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিব।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুরে অবস্থিত লোটোর শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা এতে ব্যর্থ হলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যা রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া গোডাউন ও তার পাশের দুতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসা ও অন্যান্য দোকান গুলো রক্ষা পায়।
লোটোর শেরপুর আউটলেট এর দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানান, আমাদের গোডাউন ও শোরুম মিলে ৬০ লক্ষ টাকার মালমাল রয়েছে। কিন্ত অডিট টিম এসে হিসেব করার আগে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। এ সময় শোরুম সংলগ্ন ভবনটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শোনা মাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হাজার হাজার উৎসুক জনতা ভীড় করায় আমাদের উদ্ধার কাজ ব্যাহত হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
আরটিভি/এমএম


