
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব ভ্যাকসিন জব্দ করা হয়।
এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা সায়েদ আলী ও মাসুদ রানা।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তল্লাশি করে ১১ কার্টনে বোতলজাত অবস্থায় ১৫৬ লিটার পরিমাণ পরিমাণ ভ্যাক্সিন পাওয়া যায়। এসব ভ্যাক্সিন ভোটহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাক্সিন অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে। এই চোরকাবারী চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
আরটিভি/এমএম


