
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের বাবা সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে ওই দুই কিশোরী বাড়ি থেকে বের হয়েছিল। তারা সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের ভালোবাসা ও সহনশীলতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দিতে হবে। পারিবারিক সম্পর্কের যত্ন নিলে অভিমান বা আবেগের বশে সন্তানদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কমবে।
আরটিভি/এসকে


