
হামলার আশঙ্কায় জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ অনুরোধমূলক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।
পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পোস্টটির শেষে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর একশ থেকে দেড়শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়েন। তারা অফিসের একটি কাচ ভেঙে ফেলেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেন। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছেন। তারা যদি কাজ করতে ভয় পান, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ করা সম্ভব হবে না। কারণ, স্টাফরা বাইরে কাজ করেন। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করা হয়েছে।
গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। অন্যথায় সবাইকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
আরটিভি/টিআর




