
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুলতানা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।
বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রশাসকের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও পরিবারের সদস্যরা।
এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ ছাড় পাবে না।
এর আগে, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের বাড়িসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, বাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও একটি বেকারিও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির আবাসনসংকট বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয়। বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে।
প্রায় ৪০ বছর ধরে বসবাস করা বাড়িটি হারিয়ে পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ঘর নির্মাণের ঘোষণাকে ঘুরে দাঁড়ানোর অবলম্বন হিসেবে দেখছেন তাঁরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের প্রক্রিয়াধীন।
আরটিভি/টিআর




