
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতাবদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাঁদের সাধারণ ও গুরুতর জখম করা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
এজাহার অনুযায়ী, বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/টিআর


