
নড়াইলের আউড়িয়া ইউনিয়নে ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত ৩০ লাখ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১৫ লাখ টাকা ৫টি প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে ভাগ করে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় আউড়িয়া ইউনিয়নের নাগসী বাজারে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বণ্টনের লক্ষ্যে সংশ্লিষ্ট ৫টি প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নির্বাচন ও অর্থ বণ্টন করা হয়।
লটারি কার্যক্রম চলাকালে বাংলাদেশ জামায়াতী ইসলামী নড়াইলের নেতা কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দের অর্থ বণ্টন হওয়ায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না। আগামীতে প্রতিটি প্রকল্পের অর্থ সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রদান করা হবে। নির্ধারিত অর্থ যেন যথাযথভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে পর্যায়ক্রমে বাকি বরাদ্দও নিয়ম মেনে বণ্টন করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় পাশে থাকবেন।
আরটিভি/এমএম




