
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মির্জা আল শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, শামসুল আলম সরকার, হারুন অর রশিদ, দেওয়ান জসিম উদ্দিন, আলহাজ উদ্দিন যুবরাজ ও আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহল ও মালিকপক্ষের নেওয়া পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। গাজীপুর বাংলাদেশের শ্রমিক শ্রেণির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর কালিয়াকৈর একটি শক্তিশালী শিল্পাঞ্চল। এখানে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা অসংখ্য শ্রমজীবী মানুষ কাজ করেন। তাদের জীবন-জীবিকার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়দের তুলনায় বাইরের জেলার শ্রমিকের সংখ্যা বেশি হলেও শ্রমিকদের যেকোনো সংকট ও বিপদের সময় কালিয়াকৈরের সাধারণ মানুষ ঢাল হয়ে পাশে দাঁড়ায়। দেশের শিল্প ও অর্থনীতিকে রক্ষা করতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি অনুযায়ী নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের পর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন।
তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মহাসড়ক অবরোধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এসব ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, জ্বালাও-পোড়াও করে রাজনীতি হয় না। ভবিষ্যতে এ ধরনের নাশকতার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা যায়। প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর হয়ে ওঠে।
আরটিভি/এসকে


