
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।
গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অফিসে এলে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারি।
তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের অংশের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা ছোড়ে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।
নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানাতে সবাইকে ফোন করেন। পরে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি পুলিশ দল নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আরটিভি/ এসকেডি




