
টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। এবার ময়দানের মালসামানা সরানোর পালা। কিন্তু এ নিয়ে যেকোনো ধরনের জটিলতার আশঙ্কায় ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বুধবার ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমানের পক্ষে স্বাক্ষরিত সভা-সমাবেশ নিষিদ্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইনের (৩০ ও ৩১) ধারামূলে ইজতেমা ময়দানে সব ধরনের সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেয়া হয়।
ইজতেমা ময়দানে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে মাঠে এবং এর আশপাশের এলাকায় ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
অত্র মাঠ প্রশাসনের নিকট সংরক্ষণ করা হলো। এতে আরও বলা হয়, কেউ এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ময়দানের আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ বন্ধ থাকবে। এলাকার পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভারিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
জেবি




